Image description

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চাইলে ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দিকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেন, “মুক্তি পেলে ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে আর কোনো দ্বন্দ্বে জড়াবেন না। ”

বুধবার (২০ আগস্ট) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জুলফিকার বুখারি। এর একদিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেয়।

এরপরই পিটিআইয়ের এই মুখপাত্র সেনাপ্রধানের প্রতি এমন আহ্বান জানান।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটে। এরপর বিভিন্ন সময়ে তিনি সামরিক নেতৃত্বের সমালোচনা করেন। তবে এখন পিটিআই বলছে, মুক্তি পেলে ইমরান আর সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়াবেন না।

এটি ইমরান খানের ব্যক্তিগত অবস্থান নাকি দলের বক্তব্য, তা অবশ্য স্পষ্ট নয়।

জুলফিকার বুখারি বলেন, “সেনাপ্রধান অতীতে কী করেছেন বা করেননি, ইমরান খান হয়তো সেসব বিষয় মনে রাখবেন না এবং তার সঙ্গে কোনো বিরোধেও জড়াবেন না। ”

দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষোভ ও কষ্ট নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

পিটিআই মুখপাত্রের ভাষ্য, সেনাপ্রধান যদি দেশের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির উদ্যোগ নেন, তাহলে মাত্র এক দিনের মধ্যেই ইমরান খানসহ অন্য রাজবন্দিদের মুক্তি দেয়া সম্ভব।ইমরান খানের মুক্তির বিষয়ে এমন বক্তব্য এসেছে তাকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেওয়ার পর। বর্তমানে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীকে ঘিরে পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।

শীর্ষনিউজ