Image description

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে টিকে নাও থাকতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১৯ আগস্ট) তাসের এক প্রতিবেদনে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

রুশ সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, সংঘাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে যুদ্ধে জড়িয়ে ফেলাই ইসরায়েলের লক্ষ্য।

তিনি বলেন, ইসরায়েল এ ধরনের পরিস্থিতি তৈরিতে দক্ষ হলেও শেষ পর্যন্ত তারা নিজেদের সামরিক সক্ষমতাকে অতিমূল্যায়ন করতে পারে এবং এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে।

আলাউদিনভের এসব মন্তব্য অবশ্য তার ব্যক্তিগত মূল্যায়ন হিসেবে এসেছে। রাশিয়া বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বিলুপ্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস দেওয়া হয়নি।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে জুনে ওয়াশিংটন ও তেহরান সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়।

তবে ৮ জুলাই রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা পুনরায় শুরু করে। হরমুজ প্রণালি নিয়ে করা সমঝোতা ইরান লঙ্ঘন করেছে, এমন অভিযোগ তুলে ওয়াশিংটন হামলার কারণ ব্যাখ্যা করে।

এরপর ২ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান ও কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল এবং ভবিষ্যৎ একটি চুক্তির কাঠামো নিয়ে পক্ষগুলো ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু রুশ জেনারেলের অনুমান অনুযায়ী, এ যুদ্ধ সহসা শেষ হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েল নতুন কিছু করতে যাচ্ছে।

সূত্র: তাস