কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে কনসার্ট বাতিল করেছে জেলা প্রশাসন। (বুধবার) জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে এই কনসার্ট এবং এতে গান গাওয়ার কথা ছিল অ্যাশেজ ব্যান্ড ও নোবেলের।
গত সোমবার এই কনসার্ট আয়োজনের ঘোষণা দিলে পরের দিন তা বন্ধের জন্য স্থানীয় ইমাম-উলামা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করে। ইমাম-উলামা পরিষদের পক্ষে আবেদনটি করেন কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।
আবেদনে বলা হয়, এই ধরনের কনসার্ট হলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার শঙ্কা রয়েছে।
মাওলানা আহমাদুল্লাহ কনসার্ট বলেন, ‘আবেদনের পর জেলা প্রশাসন কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন।’
বুধবার সরেজমিন দুপুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে ভরছেন আয়োজকদের লোকেরা।
আলীশান রেস্টুরেন্টের মালিক ইব্রাহীম খলিল বলেন, আমাদের রেস্তরাঁর র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন অনুমতি দিলেও, বুধবার দুপুরে তারাই জানায় করা যাবে না।’
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। যে রেস্তরাঁ আয়োজক, তাদের লাইসেন্সও নেই।