যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সালাদো গ্রামের দক্ষিণে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা ধ্বংসাবশেষের পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পায়। পরে ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি কাছের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে অবস্থান করত। ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বড় সামরিক ঘাঁটি।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পায়। একই সঙ্গে সেখানে বড় ধরনের আগুনও জ্বলছিল। আগুন ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল’ বলে জানান তিনি।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে।
১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধার ও জরুরি কার্যক্রমে সহায়তা করা।’
তিনি আরও বলেন, ‘আরও তথ্যের জন্য অপেক্ষা করার সময় আমরা ক্রু সদস্য ও তাদের পরিবারের কথা ভাবছি।’
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি দুই ইঞ্জিনের ও চার ব্লেডের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। এটি সশস্ত্র নজরদারি, কাছাকাছি যুদ্ধ, দ্রুত আক্রমণ এবং আকাশপথে সেনা ও সরঞ্জাম মোতায়েনসহ বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা যায়।
হেলিকপ্টারটিতে দুইজন সেনাসদস্য বসতে পারেন। পেছনের ককপিটে পাইলট এবং সামনের আসনে কো-পাইলট ও গানার দায়িত্ব পালন করেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা দুই সেনাসদস্যই নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।