Image description

পাবলিক সার্ভিস পরীক্ষার নিয়োগে নানান অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড বিধানসভা ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করার সময় চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে এই আন্দোলনের ১৭তম দিনে বিক্ষোভকারীরা বেরিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে জগন্নাথপুর মন্দিরের কাছে চূড়ান্ত বেরিকেডের সামনে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এই লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে। খবর দ্য হিন্দুর 

বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূণভাবে মিছিল নিয়ে এগোনোর সময় পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে, যার ফলে একাধিক আন্দোলনকারী আহত ও রক্তাক্ত হয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) সার্বিক সংস্কার, ১৪তম ঝাড়খণ্ড পিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাসহ বিতর্কিত ১৩টি নিয়োগ পরীক্ষা বাতিল এবং হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা সিবিআই (CBI)-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।

এরইমধ্যে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও অচলাবস্থা কাটেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ১৩টি দাবির মধ্যে মাত্র ৩টি পরীক্ষা বাতিলের প্রস্তাব দেওয়ায় তারা আলোচনা প্রত্যাখ্যান করেছেন। জেএলকেএম (JLKM) নেতা দেবেন্দ্র নাথ মাহতো, যিনি গত ৯ দিন ধরে অনশন করছেন, তিনিও অ্যাম্বুলেন্সে করে এই মিছিলে অংশ নেন এবং সরকারের দমনপীড়নের প্রতিবাদ জানিয়ে নতুন করে আলোচনা না করার ঘোষণা দেন।

অন্যদিকে, রাজ্য সরকারের মন্ত্রী সুদিব্য কুমার এই আন্দোলনকে বিজেপির রাজনৈতিকভাবে হাইজ্যাক করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রায় ৯৫ শতাংশ দাবি পূরণ করার পরও বিধানসভা ঘেরাওয়ের এমন কর্মসূচি দুর্ভাগ্যজনক এবং এর পেছনে বিরোধী দল বিজেপির রাজনৈতিক চক্রান্ত রয়েছে।