সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার তারা এই আন্দোলনকে আরও জোরালো করেছেন।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর বিক্ষোভকারীরা সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচির ডাক দেন। সকাল থেকে কয়েক’শ পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বিধানসভা এলাকা ঘিরে রাখেন। শিক্ষার্থীদের মিছিল বিধানসভার কাছে যাওয়ার পর পুলিশ জলকামান ব্যবহার শুরু করে। কয়েকজন শিক্ষার্থীকে এর মধ্যেই ব্যারিকেড টপকে এগিয়ে যেতে দেখা যায়।
এক পর্যায়ে মিছিলে যোগ দেন অনশন করা ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো (৩৩)। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার যখন কাঁটাতারের ব্যারিকেড দিল, তখন আমি অসুস্থ থাকা সত্ত্বেও নিজেকে থামিয়ে রাখতে পারিনি। এটা কি পাকিস্তান, বাংলাদেশ নাকি চীনের সীমান্ত? এরা তো শিক্ষার্থী।’
মাহাতো বলেন, ‘অনশনে থাকা সত্ত্বেও এখানে এসেছি। তারা আমাদের আটকাতে পারবে না। আমি অ্যাম্বুলেন্সে করে এখানে পৌঁছেছি। স্ট্রেচারে করে সামনে এগোচ্ছি। সরকারকে আমাদের দাবি মানতেই হবে।’
মাহাতো আরও বলেন, ‘আমি সব শিক্ষার্থীকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেছি। আজ হেমন্ত সোরেনের (মুখ্যমন্ত্রী) জন্মদিন। আমি চাই না এখানে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। এখানে যেন কোনো রক্ত না ঝরে, সবকিছু শান্তিপূর্ণভাবে হোক।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে গত ২৯ জুলাই থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অন্তত ছয়জন বিক্ষোভকারী অনশন করছেন। তাদের মধ্যে মাহাতোও আছেন। তিনি অনশন করছেন এক সপ্তাহের বেশি সময় ধরে।
বর্তমানে বেসরকারি কোম্পানির মাধ্যমে রাজ্যটির সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হয়। মাহাতো এই ব্যবস্থা বন্ধের দাবি জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা পুরো ব্যবস্থার পরিবর্তন চাই।’ অপরদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিছু দাবি মেনে নিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেছেন। রোববার তিনি বলেছিলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।