Image description

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে আপাত স্থিতাবস্থার মধ্যেই তেহরানে একতরফা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১৩ শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য একতরফা হামলার জন্য সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের এমন প্রস্তুতির বিষয়টি এমন এক সময় প্রকাশ্যে এল, যখন ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক উদ্যোগের পথে এগোচ্ছে ওয়াশিংটন। এখন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে গেলেও ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর বিকল্প পথ খোলা রাখতে চাইছে তেল আবিব।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, চলমান যুদ্ধের গতিপথ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে উদ্বেগ জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সংঘাত থেকে বের হওয়ার একটি ‘পথ’ খুঁজছিলেন কেইন। তাঁর আশঙ্কা, যুদ্ধ আরও বাড়লে নতুন ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে শুধু বিমান হামলার মাধ্যমে ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন কঠিন হতে পারে বলে মনে করেন তিনি।

কেইন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানিয়েছে সিএনএন। এসব আলোচনায় সামরিক পদক্ষেপের মাধ্যমে সংঘাত আরও বাড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন কেইন।

সূত্র: আনাদোলু