অধ্যাপক রবার্ট পেপের বিশ্লেষণ
ইরানের বিরুদ্ধে বিমান ও নৌ শক্তি প্রত্যাশিত ফল দিতে না পারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত স্থলবাহিনী মোতায়েনের দিকে যেতে পারেন। এ মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেপ বলেন, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প স্থল অভিযান শুরু নাও করতে পারেন। তবে তিনি এরই মধ্যে বিমান শক্তির সীমাবদ্ধতা দেখেছেন, নৌ শক্তির সীমাবদ্ধতাও বুঝেছেন। এখন তার সামনে একমাত্র বিকল্প স্থল শক্তি।
‘এস্কেলেশন ট্র্যাপ’ তত্ত্বের লেখক পেপের মতে, স্থল অভিযানও ইরানের বিরুদ্ধে সফল নাও হতে পারে। তবুও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, উত্তেজনা আরও বাড়ানো ছাড়া ট্রাম্পের সামনে কার্যত অন্য কোনো পথ নেই।
তিনি বলেন, এটাই ‘এস্কেলেশন ট্র্যাপ’। হয় তিনি সংঘাত আরও বাড়ানোর পথে এগোবেন, নয়তো পিছু হটবেন। আর যদি পিছু হটেন, তাহলে ইরান বিশ্বশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হবে এবং ইতিহাসে তার উত্তরাধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
তবে, এসব মন্তব্য রবার্ট পেপের ব্যক্তিগত বিশ্লেষণ; যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।