জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবার চালু করতে বুধবারের (৫ আগস্ট) মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, এ ধরনের চুক্তি হলে জ্বালানির দাম স্থিতিশীল হবে। যদিও ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে আগেই জানিয়েছে ইরান।
মঙ্গলবার (৪ আগস্ট) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমার বিশ্বাস, আজ (মঙ্গলবার) অথবা আগামীকাল (বুধবার) হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। এর মাধ্যমে চলমান সংঘাতও আরও স্থিতিশীল পর্যায়ে যেতে পারে।
হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান কোনও টোল আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, আমি মনে করি স্বাধীনভাবেই জাহাজ চলাচল করতে পারবে।
তার এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা চলার কথা অস্বীকার করেছে।
এদিকে মঙ্গলবার হরমুজে একটি জাহাজে প্রজেক্টাইলও আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
অবশ্য সম্ভাব্য সমঝোতার ফলে জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেসেন্ট। তিনি বলেন, বর্তমানে শত শত জাহাজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, গত কয়েক দিন পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকলেও এখন বেশ কয়েকটি জাহাজ প্রণালি দিয়ে বের হয়ে আসছে।
বেসেন্ট আরও বলেন, আমি আশা করি, জ্বালানির দাম আবার কমে স্বাভাবিক হয়ে আসবে, যা আমি আগেই বলেছি- গোটা বিশ্বের জন্যই ভালো হবে।