নিজের যুক্তরাষ্ট্রে পড়াশোনার অর্থায়ন নিয়ে প্রশ্ন ওঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত সনদ প্রকাশের দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, মোদি তার ডিগ্রি জনসমক্ষে প্রকাশ করলে তিনিও নিজের স্কলারশিপ, শিক্ষা ঋণ ও ডিগ্রির নথি প্রকাশ করবেন।
সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দিপকে। সম্প্রতি সুরাটের এক আরটিআই কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিপকের বাবার আর্থিক লেনদেন তদন্তের দাবি জানান। অভিযোগে বলা হয়, কীভাবে তিনি ছেলেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন, তা খতিয়ে দেখা উচিত।
এর জবাবে দিপকে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে বৃত্তি পেয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি শিক্ষা ঋণও নিয়েছেন, যা এখনো পরিশোধ করছেন। তার ভাষ্য, চাইলে যে কেউ এ বিষয়ে তদন্ত করতে পারেন।
দিপকে বলেন, ‘আমি আমার স্কলারশিপের চিঠি, শিক্ষা ঋণের কাগজপত্র ও ডিগ্রি দেখাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদি যদি তার ডিগ্রি জনসমক্ষে প্রকাশ করেন, তাহলে আমিও আমার সব নথি প্রকাশ করব।’
তিনি আরও অভিযোগ করেন, সরকারের সমালোচনা করলেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হয়। তার দাবি, ‘ইডি বা সিবিআই আমার বাড়িতে এসে তদন্ত করুক, আমি প্রস্তুত। তবে প্রধানমন্ত্রী যদি তদন্ত সংস্থা পাঠান, তাহলে তারও উচিত নিজের ডিগ্রি প্রকাশ করা।’
দিপকে বলেন, তার ডিগ্রি সম্পূর্ণ বৈধ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদির ডিগ্রিও বৈধ হবে।
বোস্টন ইউনিভার্সিটির কলেজ অব কমিউনিকেশন থেকে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা দিপকে চলতি বছরের জুনে ভারতে ফেরেন।
ককরোচ জনতা পার্টি রাজনৈতিক দলে রূপ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে দিপকে বলেন, আপাতত তাদের এমন কোনো পরিকল্পনা নেই।