লোহিত সাগরে জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা এবং এ অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সউদী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে। আলোচনায় লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
সউদী প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
এসপিএর তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোয়ান জাহাজে হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষায় তুরস্কের অবস্থানও স্পষ্ট করেন।
ফোনালাপে এরদোয়ান সউদী আরবের নেতৃত্বে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একাধিক জাহাজে হামলার দাবি করেছে। পাশাপাশি সউদী আরবের কয়েকটি তেল স্থাপনা, বিশেষ করে জিজান ও ইয়ানবু অঞ্চলের স্থাপনাগুলো লক্ষ্য করেও হামলার দাবি করেছে তারা।
এসব ঘটনার পর লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে সউদী আরব বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের পরিকল্পনা ঘোষণা করে। জোটটির লক্ষ্য গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঝুঁকি মোকাবিলা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তথ্যসূত্র: আল-জাজিরা