Image description

গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে দেশটির সরকার কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে তুরস্ক বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হলো ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টা বাধাগ্রস্ত করা।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু ধারাবাহিকভাবে এমন পদক্ষেপ নিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর ভারসাম্যকে আরও অস্থিতিশীল করছে। একই সঙ্গে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাও তিনি কার্যত নস্যাৎ করে দিচ্ছেন।

ন্যাটো সদস্য দেশ তুরস্ক বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নেতানিয়াহু সরকারের বিস্তারবাদী নীতি ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় ও কার্যকর অবস্থান নেওয়া প্রয়োজন। অন্যথায় পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের অঞ্চলে পরিণত করার ঝুঁকি আরও বাড়বে।

এদিকে যুক্তরাষ্ট্র গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পরিকল্পনা ঘোষণার পরও রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনার পরই তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়।

সূত্র: আল জাজিরা