Image description

রিয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আর কোনো আলাদা প্রস্তাব দেবে না স্প্যানিশ ক্লাবটি। নতুন চুক্তিতে রাজি না হলে চলতি দলবদল মৌসুমেই তাঁকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) রিয়ালের অনুশীলনে যোগ দেওয়ার কথা ২৬ বছর বয়সী ভিনিসিউসের। এরপরই ক্লাবের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন মোড় নিতে পারে।

ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, ভিনিসিউসের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে বৈঠকের কোনো সময়সূচি এখনো নির্ধারণ করেনি রিয়াল। ক্লাবের অবস্থান পরিষ্কার—চুক্তি নবায়ন করবেন কি না, সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি খেলোয়াড়ের।

দীর্ঘদিন ধরেই নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা চললেও সমঝোতা হয়নি। গত মৌসুমেও ভিনিসিউস চুক্তি নবায়নের বিষয়ে তাড়াহুড়ো করতে চান না বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল।

এদিকে, ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। তবে ফুটবলারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইংলিশ ক্লাবটির সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।

২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন ভিনিসিউস। দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছেন তিনি। এছাড়া ২০২৪ সালের ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গত মৌসুমে কোচ জাবি আলোনসোর অধীনে এক ম্যাচে বদলি হিসেবে তুলে নেওয়ায় মাঠেই অসন্তোষ প্রকাশ করেছিলেন ভিনিসিউস। এরপরই রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়তে থাকে।

এদিকে, দলবদলের বাজারে রিয়াল ইতোমধ্যে স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে। পাশাপাশি আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকেও দলে টানার বিষয়ে ক্লাবটি অগ্রসর হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।