জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমার দিকে ছোড়া ইরানের ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। টানা চতুর্থ দিনের মতো এ ধরনের ঘটনা ঘটল। খবর আনাদোলু এজেন্সির।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো সফলভাবে প্রতিহত করে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবারও জর্ডান ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছিল। এছাড়া মঙ্গলবার একটি এবং সোমবার দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটির কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম শহরে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পরিবারের আরও দুই শিশু। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের চাহ তাঙ্গু এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে।
নাফিসি জানান, নিহতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা, মা এবং তাদের এক সন্তান। আহত অন্য দুই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।