Image description

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এক সপ্তাহের মধ্যে একাধিক মার্কিন সেনা নিহতের পর সোমবার এ হুঁশিয়ারি দেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যতবারই ইরান আমেরিকান সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। এ বিষয়ে আমার নির্দেশনা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আরেকজন সেনার দেহাবশেষ পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

এর আগে মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবাতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরান। এতে ছয়জন মার্কিন সেনা নিহত হন। ওয়াশিংটন জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

 

হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে আয়োজিত মর্যাদাপূর্ণ হস্তান্তর অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত থাকবেন।

 

সূত্র: রয়টার্স