Image description

ভারতের দিল্লিতে মেডিকেল পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদের মধ্যেই নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা।

আজ মঙ্গলবার পাঞ্জাবের কৃষকরা দিল্লির উদ্দেশে ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেবে। পাঞ্জাবের কৃষকরা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু করেছেন। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি সম্বলিত ব্যানার লাগানো হচ্ছে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরবেন না।

কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদী সরকারের করা ‘গোপন’ বাণিজ্য চুক্তিতে ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এ চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে ঢুকে পড়বে এবং দেশীয় কৃষকরা আরও সংকটে পড়বে বলে তাদের আশঙ্কা।

পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে এ মিছিলে অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, গতকাল সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নয়াদিল্লি। পুলিশের অনুমতি না থাকার পরও সিজেপির প্রায় ২০ হাজার সমর্থক সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এই ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দিয়েছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

ককরোচ পার্টির এই ভয়াবহ বিক্ষোভের মধ্যে দিল্লিতে নতুন করে পাঞ্জাবের কৃষকদের ডাকা আন্দোলন মোদী সরকারকে আরো বিপদে ফেলতে পারে বলে মনে করছেন দেশটির রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ মহল।