Image description

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অ্যান্ডি বার্নহাম। ফোনালাপে ম্যানচেস্টার সফরের আমন্ত্রণও জানিয়েছেন ট্রাম্পকে।

 অ্যান্ডি বার্নহ্যাম সোমবার যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহন করেন। দেশটির প্রথা অনুযায়ী তিনি রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন। এর পরেই ডাউনিং স্ট্রিটে প্রথম বক্তব্য দেন তিনি।

বক্তব্যে অর্থনীতি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন বার্নহ্যাম। তিনি বলেছেন, অর্থনীতি পরিচালনায় তিনি ‘অতি সতর্কতার’ নীতি অনুসরণ করবেন এবং বিদ্যমান আর্থিক নীতিমালা মেনেই এগোবেন।

বার্নহ্যাম বলেন, বর্তমান রাজস্ব নীতির মধ্যে যে নমনীয়তা রয়েছে, সেটুকু ব্যবহার করা হবে। তবে বিদ্যমান আর্থিক নিয়ম থেকে সরকার সরে আসবে না। অর্থনীতি নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়ারও পরিকল্পনা নেই বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে ভাড়া নিয়ন্ত্রণের বিষয়টিও সরকার বিবেচনা করছে। মঙ্গলবার অর্থনীতি নিয়ে একটি বড় ঘোষণা দেবেন তিনি। সেখানে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ এবং সেগুলোর অর্থায়নের পরিকল্পনাও তুলে ধরা হবে।

তিনি বলেন, চলতি বছরই মানুষের জীবনে দ্রুত ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন কয়েকটি পদক্ষেপ নিয়ে কাজ করছে সরকার। তবে কোন উদ্যোগ চূড়ান্ত হচ্ছে, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।

অন্যদিকে নতুন সরকারে অর্থমন্ত্রী হিসেবে থাকছেন না র‍্যাচেল রিভস। এক বিবৃতিতে তিনি বলেছেন, চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান। গত দুই বছরে লেবার সরকারের নেওয়া সিদ্ধান্তে যুক্তরাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী, ন্যায্য ও স্থিতিশীল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিদায়ী অর্থমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও তার মন্ত্রিসভার প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতেও সরকারের পরিবর্তনের কর্মসূচিকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন।