বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে ভাসছে স্পেন। তবে সেই আনন্দের মাঝেই দুঃসংবাদ পেলেন দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনায় তার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। যদিও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের বার্সেলোনার বাড়িতে বুধবার (১৫ জুলাই) ভোররাতে ডাকাতির চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘটে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার মাত্র কয়েক ঘণ্টা পর।
স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভানগার্দিয়া জানায়, বার্সেলোনা মহানগর এলাকার এসপ্লুগেস দে লিয়োব্রেগাতে অবস্থিত ইয়ামালের বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে দুই ব্যক্তি। তবে নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তারা দ্রুত পালিয়ে যায়।
কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ মোসোস দ'এস্কোয়াদ্রা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এসপ্লুগেস দে লিয়োব্রেগাতের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে বাড়ির মালিকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এদিকে, ইয়ামালের বাড়ির কাছাকাছি আরেকটি বাসভবনে সংঘটিত সহিংস ডাকাতির ঘটনাও তদন্ত করছে পুলিশ।
স্পেনে, বিশেষ করে মাদ্রিদ অঞ্চলে ফুটবলারদের বাড়িতে ডাকাতির ঘটনা নতুন নয়। এর আগে করিম বেনজেমা, রদ্রিগো ও দানি কারভাহালের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছিল।
লা ভানগার্দিয়া আরও জানায়, ইয়ামালের বর্তমান বাড়িটি আগে স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপ তারকা শাকিরার মালিকানায় ছিল। একসময় তারা দাম্পত্য জীবনে এই বাড়িতেই একসঙ্গে বসবাস করতেন।