Image description

যুক্তরাষ্ট্র ৬০ দিনের নিষেধাজ্ঞা-শিথিলের প্রতিশ্রুতি ভঙ্গ করলেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি আগের মতোই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ।

বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে তিনি বলেন, সমঝোতা স্মারকের ১০ নম্বর অনুচ্ছেদের আওতায় অস্থায়ী তেল-নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরও ইরান বহু বছর ধরে গড়ে তোলা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির নিজস্ব ব্যবস্থাগুলো বজায় রেখেছিল।

পাকনেজাদের মতে, মাত্র ১৫ দিনের মধ্যেই প্রমাণ হয়েছে যে যুক্তরাষ্ট্র পূর্বের মতোই এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।

 
 

তিনি জানান, নৌ অবরোধ সাময়িকভাবে প্রত্যাহারের সময় ইরান উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল অবরোধসীমার বাইরে সরিয়ে নিতে সক্ষম হয়।

 
 

তেলমন্ত্রী বলেন, বর্তমানে এমন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে আগের মতোই আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি সম্ভব হচ্ছে। তার দাবি, পূর্ববর্তী কাঠামোর মধ্য দিয়েই তেল রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির জন্য দেওয়া বিশেষ অনুমোদন বাতিল করে। তেহরান এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘনের অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপর পক্ষ চুক্তির শর্ত মানলে তেহরানও সমঝোতা বাস্তবায়ন করবে। অন্যথায় পারস্পরিক ভিত্তিতেই তারা নিজেদের অবস্থান নির্ধারণ করবে।