Image description

যুক্তরাষ্ট্রের চাপের পরিপ্রেক্ষিতে দক্ষিণ লেবাননে পরিচালিত ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে উত্তেজনা প্রশমিত করতেই ইসরাইল এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রের বরাতে আরও জানা গেছে, আলোচনার পরিবেশ ইতিবাচক রাখতে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হতে পারে।

তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে কিংবা কোন কোন এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্তে উত্তেজনা কমিয়ে ভবিষ্যৎ সংলাপের পথ সহজ করতে চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই ইসরাইলের এই সিদ্ধান্ত সামনে এসেছে।

তথ্যসূত্র: সামা টিভি