Image description

গাজায় ইসরায়েলি গণহত্যার মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে শত শত মানুষের প্রাণ বাঁচানো সেই ‘হিরো ডক্টর’ হুসাম আবু সাফিয়া এখন চরম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই তাকে ইসরায়েলের একটি কুখ্যাত আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সেখান থেকে আসা খবর অনুযায়ী, ইসরায়েলি বাহিনী তাকে নির্যাতন করে মেরে ফেলার চেষ্টা করছে।

নির্যাতনের শিকার এই ফিলিস্তিনি চিকিৎসকের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও অভিযান বিষয়ক সিনিয়র ডিরেক্টর এরিকা গুয়েভারা রোসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ইসরায়েলের এই নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

ডা. হুসামের আইনজীবীর দেওয়া তথ্যের বরাত দিয়ে রোসাস জানান, কারাবন্দি এই চিকিৎসকের ওপর তীব্র শারীরিক নির্যাতন, চরম দুর্ব্যবহার এবং দীর্ঘদিন ধরে নির্জন কারাবাসের মতো ভয়াবহ নিপীড়ন চালানো হচ্ছে। এর ফলে যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। এই ঘটনাকে অত্যন্ত ‘ভীতিকর’ বলে বর্ণনা করেছেন তিনি।

অ্যামনেস্টি কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের নৃশংস গণহত্যার মধ্যেও যিনি নিজের রোগীদের ফেলে হাসপাতাল ছেড়ে যাননি, এমন একজন চিকিৎসককে কোনোভাবেই বন্দি করা উচিত হয়নি। তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে রোসাস হুঁশিয়ারি দেন যে, একজন বীর চিকিৎসকের জীবন যখন এভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তখন বিশ্বের অন্য দেশগুলো কোনোভাবেই চুপ করে থাকতে পারে না।

সূত্র: আল-জাজিরা