Image description

ইরানের আপত্তির মুখে হরমুজ প্রণালি অতিক্রমের সময় চারটি জাহাজ তাদের নির্ধারিত গতিপথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে জাহাজ-ট্র্যাকিং সংস্থা উইন্ডওয়ার্ড।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমানের উপকূল বরাবর দক্ষিণ পথ ব্যবহার করে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল এমন চারটি জাহাজের মধ্যে দুটি ফিরে গেছে। অন্য দুটি দক্ষিণ পথ ছেড়ে একটি কেন্দ্রীয় করিডোরের দিকে মোড় নিয়েছে।

ওমানের জলসীমার মধ্য দিয়ে পরিচালিত দক্ষিণ করিডোর ব্যবহারের বিরোধিতা করে আসছে ইরান। অতীতে এই করিডোর ব্যবহারকারী অন্তত দুটি জাহাজের ওপর হামলার ঘটনাও ঘটেছে। চলতি বছরের জুনের শেষ দিকে ওমান, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যৌথভাবে এই দক্ষিণ করিডোর চালুর ঘোষণা দেয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে উল্লেখিত ৬০ দিনের সময়সীমার মধ্যে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যবস্থাপনার একক দায়িত্ব নিজেদের বলে দাবি করেছে তেহরান। পাশাপাশি, এই সময়সীমা শেষ হলে ওমানের সঙ্গে সমন্বয় করে জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর জন্য পরিষেবা বাবদ মাশুল আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটি।

জাহাজ-ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচলে কিছুটা পুনরুদ্ধার দেখা গেলেও, তা এখনও যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম রয়েছে।

সূত্র: আল-জাজিরা