Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান 'একতরফা' সম্পর্ক অব্যাহত রাখা 'অযৌক্তিক'। ন্যাটোর শীর্ষ সম্মেলনের এক সপ্তাহেরও কম সময় আগে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি এ মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, 'তারা আমাদের জন্য সেখানে ছিল না!!!'। একই সঙ্গে তিনি দাবি করেন, ন্যাটোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক 'পারস্পরিক নয়' এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই জোটের জন্য অসম হারে দায়িত্ব ও ব্যয় বহন করে আসছে।

ইরানের যুদ্ধ নিয়ে ইউরোপীয় মিত্রদের অবস্থানের সমালোচনাও আবার করেন ট্রাম্প। তিনি বরাবরের মতোই দাবি করেন, ইউরোপের নিজস্ব প্রতিরক্ষার প্রধান দায়িত্ব ইউরোপকেই নিতে হবে। এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ন্যাটোর প্রতি নিজেদের কিছু প্রতিশ্রুতি কমানোর পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের পোস্টে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়ের একটি চার্টও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্র অন্য সদস্য দেশগুলোর তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করছে।

ট্রাম্পের দীর্ঘদিনের চাপের মুখে গত বছর ন্যাটো নেতারা ২০৩৫ সালের মধ্যে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণে সম্মত হন।

ন্যাটোর আসন্ন শীর্ষ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হবে। এতে জোটের ৩২টি সদস্য রাষ্ট্রের নেতারা অংশ নেবেন।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ন্যাটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। শীতল যুদ্ধের সময় ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা, সোভিয়েত ইউনিয়নের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান সুদৃঢ় করতে জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শীর্ষনিউজ