Image description

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, চীন কখনো অন্য কোনো দেশকে কলোনি বানায়নি, যদিও দেশটি প্রয়োজনে আক্রমণাত্মক হতে পারে। মুসলিম বিশ্বের ভবিষ্যৎ এবং ইসরাইলের আগ্রাসন নীতি নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি এই মন্তব্য করেন।

 

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে, জাতির এই প্রবীণ নেতার সঙ্গে দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলামের সাক্ষাতের বিশেষ এক মুহূর্তে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনার মধ্যে ইসরাইলের আগ্রাসন নীতির কঠোর সমালোচনা করার পাশাপাশি চীনের প্রসঙ্গ টেনে বলেন, চীন আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী। তারা আক্রমণ করতে পারে, কিন্তু ইউরোপীয়দের মতো কখনো কলোনি বানায় না।
এর আগে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারেও ড. মাহাথির মোহাম্মদ একই বিষয়ে মন্তব্য করেছিলেন। এবং সে সময় তিনি স্মরণ করিয়ে বলেছিলেন, ১৫০৯ সালে পর্তুগিজরা যখন মালয়েশিয়ায় আসে, মাত্র দুই বছরের মধ্যেই তারা মালয়েশিয়া দখল করে নেয়। কিন্তু চীনের পক্ষ থেকে দীর্ঘদিনের প্রতিবেশী সম্পর্কের ইতিহাসে এমন কোনো অভিপ্রায় কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে মাহাথির মোহাম্মদ বলেন, আমরা তাদের সঙ্গে যুগের পর যুগ ধরে সহাবস্থান করছি। আমাদের বাস্তববাদী হতে হবে।

শতবর্ষী এই প্রবীণ নেতা আধুনিক মালয়েশিয়ার রূপকার এবং মুসলিম বিশ্বের চিরজাগরূক কণ্ঠস্বর। শতবর্ষ পেরিয়েও মালয় তথা এশিয়ার রাজনীতিতে ড. মাহাথির মোহাম্মদ এখনো সমান প্রাসঙ্গিক।