Image description

নিরাপত্তাজনিত কারণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এমন তথ্য জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

ভারত টুডে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি জানাজায় অংশ নিতে পারবেন না।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মোজতবা খামেনিকে উদ্দেশ করে ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ বলে হুমকি দেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যে কোনো হুমকির ‘শক্তিশালী জবাব’ দেওয়া হবে।

 
 

এরা আগে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আলি খামেনির বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

 
 

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী এবং আলি খামেনির দাফন ও জানাজা আয়োজন কমিটির সম্পাদক আলি আকবর পুরজামশিদিয়ান জানান, এরই মধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আবেদন করেছে। এ ছাড়া বিশ্বজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের শুরুতে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।