Image description

ইসরাইলি পুলিশের কড়া পাহারায় পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদে জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা 'ওয়াফা' জানিয়েছে, বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে তালমুদীয় (ধর্মীয়) আচার-অনুষ্ঠান সম্পন্ন করে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি পূর্ব জেরুজালেমের একটি মালভূমিতে অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল এই এলাকা দখল করে নেয় এবং পরবর্তীতে নিজেদের অন্তর্ভুক্ত করে। তবে ইসরাইলের এই অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশই স্বীকৃতি দেয়নি।

বিশ্বের মুসলিমদের কাছে এই প্রাঙ্গণ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে সমাদৃত, যেখানে রয়েছে আল-আকসা মসজিদ এবং সপ্তম শতাব্দীর ঐতিহাসিক 'ডোম অব দ্য রক' (কুব্বাত আস-সাখরা)। মুসলিম বিশ্বাস অনুযায়ী, এই স্থান থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মিরাজে গমন করেছিলেন।

সূত্র: আলজাজিরা/ শীর্ষনিউজ