সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার ফোনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ঘিরে সর্বশেষ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনা করা হয়।
দুই নেতা নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের বিষয়েও একমত হন।
এছাড়া সৌদি আরব ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন মোহাম্মদ বিন সালমান ও ইমানুয়েল ম্যাক্রোঁ।