লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে ওয়াশিংটনে শুক্রবার অনুষ্ঠিত বৈরুত-তেল আবিবের পঞ্চম দফা আলোচনার পর স্বাক্ষরিত চুক্তি নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানান কাসেম।
তিনি বলেন, এই চুক্তি বাতিল ও অকার্যকর এবং এর পরিবর্তে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।
হিজবুল্লাহ প্রধান আরও সতর্ক করে বলেন, লেবাননজুড়ে প্রতিরোধ বাহিনীর নিরস্ত্রীকরণের সঙ্গে ইসরাইলি সেনা প্রত্যাহারকে যুক্ত করার প্রস্তাব অত্যন্ত বিপজ্জনক যা সমস্ত সীমা লঙ্ঘন করে বলে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ লেবাননকে ইসরাইলি শত্রুর হাতের পুতুলে পরিণত করবে।
চুক্তিটি নিয়ে লেবাননে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই তিনি এই মন্তব্য করেন। যদিও কিছু গণমাধ্যম ও আইনপ্রণেতা এটিকে ঐতিহাসিক এবং দেশটির জন্য একটি সম্ভাব্য সমাধান হিসেবে বর্ণনা করেছেন, অন্যরা এটিকে ইসরাইলের কাছে একতরফা ছাড় হিসেবে নিন্দা করেছেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরাইল পঞ্চম দফা আলোচনা শেষে একটি কাঠামোগত চুক্তিতে সই করে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরাইলের হামলায় দেশটিতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং আরও চার হাজারের বেশি আহত হয়েছেন।