জর্জিয়ার পার্লামেন্টে এক নজিরবিহীন হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বসন্তকালীন অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ সভায় ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি এবং বিরোধী দল ‘ফর জর্জিয়ার’ সংসদ সদস্যদের (এমপি) মধ্যে এই সংঘর্ষ হয়। ওই অধিবেশনে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিজে তার বার্ষিক প্রতিবেদন পেশ করছিলেন।
প্রধানমন্ত্রীকে প্রশ্নোত্তরের পর্ব চলাকালীন এই মারামারি শুরু হয়। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী গিওর্গি গাখারিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল ফর জর্জিয়ার এমপি গিওর্গি শারাশিদজে। তিনি সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফরকালে প্রধানমন্ত্রী কোবাখিজের ভূমিকা নিয়ে কিছু মন্তব্য করেন। এর পরপরই কিল-ঘুষি ও হাতাহাতি শুরু হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন এমপি একে অপরের সঙ্গে শারীরিক সংঘাত ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এই মারামারি ও গালিগালাজ বেশ কয়েক মিনিট ধরে চলে। এক পর্যায়ে পার্লামেন্টের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের এমপিদের সভাকক্ষ থেকে বের করে দেন।
ভিডিওতে দেখা যায়, মারামারিটি প্রথমে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিমের ইরাকলি খোলাদজে এবং ফর জর্জিয়ার গিগি পারুলভার মধ্যে শুরু হয়। পরবর্তীতে এতে নারী-পুরুষ নির্বিশেষে আরও বেশ কয়েকজন আইনপ্রণেতা জড়িয়ে পড়েন। এই সংঘাত চলার সময় প্রধানমন্ত্রী কোবাখিজে এবং তার মন্ত্রিসভার সদস্যদের দূর থেকে নিজেদের আসনে বসে পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে দেখা যায়।
শারাশিদজে পোডিয়াম থেকে বলেছেন, ‘প্রেসিডেন্ট আলিয়েভ যখন জর্জিয়ায় এসেছিলেন পুরো দেশ সেই ছবিগুলো দেখেছিল। কীভাবে আপনি এক কোণায় দাঁড়িয়ে ছিলেন তা সবাই দেখেছে। এটি সরাসরি এই সরকারে আপনার আসল ভূমিকা এবং অবস্থানকে ফুটিয়ে তোলে।’
তার এই মন্তব্যের পরপরই সভাকক্ষে হট্টগোল শুরু হয়। তিনি আরও বলতে থাকেন, ‘এটি কেমন কথা? আমাদের বুঝিয়ে বলুন। জর্জিয়ায় অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন প্রধানমন্ত্রী আগে কখনো দেখা যায়নি।’
ক্ষমতাসীন দলের এমপিদের প্রতিক্রিয়ার জবাবে শারাশিদজে আরও যোগ করেন, ‘আপনাদের এই নির্লজ্জতা ও বর্বরতা অন্য কোথাও গিয়ে দেখান।’ এর কয়েক মুহূর্ত পরই সভাকক্ষে হাতাহাতি শুরু হয়। শারাশিদজে পোডিয়াম ছেড়ে চলে যান। পার্লামেন্টের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পার্লামেন্ট ভবনে জরুরি চিকিৎসা সেবা (অ্যাম্বুলেন্স) ডাকা হয়। চিকিৎসকদের সেখানে অবস্থান করতে দেখা যায়।