Image description

থাইল্যান্ডে বিমানবন্দর থেকে এক ১৭ বছর বয়সী এক থাই কিশোরীকে হত্যা করে উলঙ্গ লাশ সুটকেসে লুকিয়ে রাখার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পার্থে পালিয়ে যাওয়ার সময় ৪৬ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

পাতায়া শহর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় শহর পাতায়ার ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজারের পেছন থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মেয়েটির নিখোঁজ হওয়ার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে ওই কিশোরী একজন বিদেশি নাগরিকের হাত ধরে একটি বহুতল ভবনে লিফটের জন্য অপেক্ষা করছে। পরবর্তী ফুটেজে ওই ব্যক্তিকে মোটরসাইকেলে করে একটি সুটকেস নিয়ে রেললাইনের দিকে যেতে দেখা যায়।

বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ওই ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে সুটকেসটি কোথায় ফেলেছে তা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাতায়া পুলিশ নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে সুটকেস বন্দি লাশ উদ্ধার করে। থাই পুলিশ ওই অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে হত্যা এবং লাশ গুম করার অভিযোগে মামলা করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা থাইল্যান্ডে আটক হওয়া তাদের নাগরিককে কনস্যুলার সহায়তা দিচ্ছে।