যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘যতদিন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে, ততদিন আমরা দক্ষিণ লেবানন ছেড়ে যাব না।’
ইরান ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত ৮০০ শব্দের খসড়া চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও ইসরায়েলের হামলা থামছে না। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয়টি চুক্তির অংশ নয়।
এদিকে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দিনহাটায় শরণার্থী শিবিরে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত লেবাননে ৩ হাজার ৮৮৪ জন নিহত এবং ১১ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ইসরায়েলের এসব হামলা চুক্তিকে জটিল করে তুলছে। তিনি নেতানিয়াহুকে লেবানন ইস্যুতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এই পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ থেকে ২৫ জুনের মধ্যে দুই দেশের রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।