Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া শর্তগুলোর অন্যতম হলো লেবাননে আক্রমণ স্থগিত করতে হবে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সম্ভাব্য চুক্তির আগে এই হামলা তেহরান-ওয়াশিংটনের মধ্যে অস্থিরতা প্রশমনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।

 

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার তথ্য অনুসারে, রোববার (১৪ জুন) বৈরুতের দাহিয়েতে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার আলী আল-হাজ্জ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাইদ শহরে তিনটি বিমান হামলা চালিয়েছে।

 

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচ থেকে তিন শহীদের মরদেহ ও ছয়জন আহতকে উদ্ধার করা হয়েছে।

 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ঘোবেইরি এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এলাকাটিতে হামলা চালানো হয়।

 

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, উত্তর ইসরায়েলের দিকে হিজবুল্লাহর তিনটি ড্রোন নিক্ষেপের জবাবে তারা বৈরুতের দাহিয়েতে অবস্থিত হিজবুল্লাহর একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে।

 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার খাতাম আল-আনবিয়ার একজন মুখপাত্র মোহাম্মদ জাফর আসাদি। তিনি বলেন, উপশহরে জায়নবাদীদের অপরাধের জবাব দেওয়া হবে।

 

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলের হামলা প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের হয় তার প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছা নেই, অথবা তা করার সক্ষমতাও নেই।

 

তিনি বলেন, নিজের প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছা ও সামর্থ্য না থাকলে, সেই পথে এগিয়ে যাওয়ার কথা বলাও সম্ভব নয়।

 

লেবাননজুড়ে কয়েকমাস ধরে চলা ইসরায়েলি হামলার পর এই বোমা হামলার ঘটনা ঘটল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্চের শুরু থেকে লেবাননে ৩ হাজার ৭৫৬ জনেরও বেশি মানুষকে হত্যা ও ১১ হাজার ৬৩২ জনকে আহত করেছে ইসরায়েল।