Image description

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি চিকিৎসা সরঞ্জামের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিকের আকাশ। আশপাশের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বিতরণকেন্দ্র থেকে কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত ট্রেসি শহরের একটি শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের বেশ বেগ পেতে হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

 

সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির প্রধান র‌্যান্ডাল ব্রাডলি জানান, মেডলাইন নামের একটি পরিচিত চিকিৎসা ও সার্জিক্যাল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতার কারণে আগুন ১০ লাখ বর্গফুটের বিতরণকেন্দ্র থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে রাস্তার অপর প্রান্তে থাকা কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডেক্সের একটি ভবনেও আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পুরো শিল্পাঞ্চলের একটি বড় অংশ খালি করে দেওয়া হয়।

 

ট্রেসি শহরের সবচেয়ে বড় শিল্পাঞ্চল। এখানে মেডলাইন ছাড়াও বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যামাজন, হোম ডিপো এবং ফেডেক্সের মতো বড় বড় কোম্পানির পণ্য বিতরণকেন্দ্র রয়েছে। আগুন লাগার পরপরই অ্যামাজন ও ফেডেক্সের কেন্দ্রগুলো থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সব কর্মকর্তা ও কর্মচারী নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ট্রেসি শহরের মেয়র ড্যান আরিওলা জানান, অগ্নিকাণ্ড আবাসিক এলাকা থেকে বেশ দূরে হওয়ায় সাধারণ মানুষের ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি এবং কাউকে ঘরবাড়ি ছেড়ে যেতে হয়নি।

 

মেডলাইন কোম্পানিটি ল্যাটেক্স গ্লাভস, মাস্ক এবং সার্জিক্যাল যন্ত্রপাতির মতো জরুরি সামগ্রী সরবরাহ করে থাকে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির সময় চিকিৎসা সরঞ্জাম বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মেডলাইন। বর্তমানে কর্মকর্তারা অগ্নিকাণ্ডের কারণে ওই এলাকার বাতাসের গুণগত মান কেমন রয়েছে এবং বাসিন্দাদের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কি না, তা পরীক্ষা করছেন। একই সঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা নিয়েও তদন্ত চলছে।