Image description

পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মোদি সরকার। সমুদ্রপথে মার্কিন হামলায় বৃহস্পতিবার তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানানো হয়।

রয়টার্সের খবরে বলা হয়, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করে নয়াদিল্লি। সেইসঙ্গে আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগও জোরদার করা প্রয়োজন।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আমরা সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানাই।’

মোদি সরকারের দাবি চলতি সপ্তাহে ভারতীয় নাবিক থাকা তিনটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বৃহস্পতিবারের একটি হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন।

এর আগে বুধবার নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সপ্তাহ জুড়ে ওমান উপকূলে ট্যাংকার সেত্তেবেলোতে হামলার ঘটনায় উদ্বেগ জানান ভারতীয় কর্মকর্তারা।

এর পরপরই যুক্তরাষ্ট্রের নতুন হামলায়  তিন ভারতীয় নাবিক নিহত হন। তবে মার্কিন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সেত্তেবেলো জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে চলমান মার্কিন অবরোধ লঙ্ঘন করছিল। বারবার নির্দেশনা অমান্য করায় জাহাজটির ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয়।

অন্যদিকে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, জাহাজটি কোনো ইরানি তেল বহন করছিল না এবং সতর্কবার্তাও উপেক্ষা করেনি। তারা ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেত্তেবেলো এর সঙ্গে ইরান বা ইরানি তেলের কোনো সম্পর্ক নেই।

হামলার পর ইঞ্জিন কক্ষে আগুন লাগার খবর দিয়ে বিপদ সংকেত পাঠায় সেত্তেবেলো । পরে ওমানের রয়েল নেভি উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে সরিয়ে নেয়।

নিহত নাবিকদের একজন শিবানন্দ চৌরাসিয়ার পরিবারের সদস্যরা জানান, প্রায় নয় মাস আগে তিনি সমুদ্রে কাজ করতে যান। কয়েক দিন আগেও পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছিলেন যে সবকিছু স্বাভাবিক রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বিভিন্ন বাণিজ্যিক জাহাজে বর্তমানে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত আছেন।

সেন্টকম জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচল ঠেকাতে পরিচালিত অবরোধে এখন পর্যন্ত আটটি জাহাজ অচল করা হয়েছে, ১৩৪টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং মানবিক সহায়তাবাহী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে সোমবারও ওমান উপসাগরে ভারতীয় নাবিক বহনকারী মেরিভেক্স নামের একটি তেলবাহী জাহাজকে অচল করে দেয় মার্কিন বাহিনী।