তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদেরকে ‘এর পরিণতি ভোগ করতে হবে’। বুধবার এ কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন অঞ্চল জুড়ে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এবং একই সঙ্গে পাওয়া যাচ্ছে আলোচনা চালিয়ে যাওয়ার প্রচেষ্টার খবরও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান শুধু কথাই বলে, কাজ করে না। তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় খুব বেশি সময় নষ্ট করেছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর পরিণতি ভোগ করতে হবে!’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন পরিস্থিতি সম্পর্কে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে একটি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় কাতারের মধ্যস্থতাকারীরা বুধবার সকালে তেহরানে গেছেন।
ট্রাম্পের পোস্ট কিংবা আলোচকদের সফর ও পরামর্শ নিয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।