চলমান আঞ্চলিক সংঘাত ও উত্তেজনার মধ্যেই উপকূলীয় পাঁচটি স্থানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি সোমবার এ তথ্য জানান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে জানা যায়, সংসদের জ্বালানি ও নির্মাণবিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ২০২২ সালে প্রণীত পারমাণবিক শিল্পের কৌশলগত নথির আওতায় এসব প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।
মোহাম্মদ ইসলামি জানান, জাতীয় জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুতের অংশ বৃদ্ধি করতে উপকূলীয় পাঁচটি স্থানে নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ চলছে।
তিনি আরও বলেন, ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর এখন পর্যন্ত ৮০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। তার দাবি অনুযায়ী, এই উৎপাদনের ফলে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।
ইসলামি জানান, প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণাধীন রয়েছে, যা দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর কেন্দ্রটি বর্তমানে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী একমাত্র চালু পারমাণবিক কেন্দ্র।
এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন সময় বুশেহর কেন্দ্রেও হামলার অভিযোগ উঠেছে, তবে এতে বিদ্যুৎ উৎপাদনে কোনো বড় ধরনের ব্যাঘাত ঘটেনি বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বিমান হামলা ও পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
শীর্ষনিউজ