বিশ্বকাপের আগে ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে মেক্সিকোতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি। একই সঙ্গে বিষয়টি নিয়ে ফিফার ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং কূটনৈতিক জটিলতার কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেলেও যুক্তরাষ্ট্রে না থেকে মেক্সিকোর তিজুয়ানায় তাদের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
মূলত ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণেই আরিজোনার টাকসনে পরিকল্পিত ক্যাম্প সরিয়ে সীমান্তবর্তী মেক্সিকান শহর তিজুয়ানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মেক্সিকোতে পৌঁছানোর পর হাজসাফি বলেন, দলের সবাই নিরাপদে পৌঁছাতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। তবে এত দেরিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তার মতে, খেলোয়াড় ও কোচিং স্টাফের কিছু সদস্য ভিসা পেলেও দলের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা এখনো অনুমতি পাননি। এ কারণেই তিনি বিষয়টি নিয়ে ফিফার কাছে জবাবদিহি দাবি করেছেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনো ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি এবং সহ-সভাপতি মেহেদি মোহাম্মাদ নবি। এছাড়া টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক ও মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তাও একই সমস্যায় রয়েছেন।
হাজসাফি বলেন, দলের এসব কর্মকর্তা দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই দ্রুত তাদের ভিসা সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টির সমাধান হবে।
তবে প্রধান কোচ আমির গালেনোয়েই ভিসা পেয়েছেন বলেই জানা গেছে। মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রার আগে দলের সঙ্গে তাকে দেখা গেছে এবং তিনি বিশ্বকাপ প্রস্তুতি কার্যক্রমে স্বাভাবিকভাবেই অংশ নিচ্ছেন।
বিশ্বকাপের আগে ভিসা জটিলতা ইরানের প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেললেও দলটি এখন মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চায়। তবে কর্মকর্তাদের ভিসা সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টি যে আলোচনায় থাকবে, তা বলাই যায়।