সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য সতর্কতা জারি করা হয়েছে। ওই ঘাঁটিতে সৌদি বাহিনীর পাশাপাশি মার্কিন সামরিক সদস্যরাও অবস্থান করছেন। সতর্কতা জারির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেছে।
সোমবার (৮ জুন) জারি করা এই সতর্কতার পর এখন পর্যন্ত কোনো হামলা, প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বাড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্কতার পেছনের নির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের আল-খারজ বিমানঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান ওই ঘাঁটিতে কোনো ধরনের সামরিক হামলা চালায়নি।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, আল-খারজ এলাকায় বিস্ফোরণের সম্ভাব্য খবর এবং সৌদি সিভিল ডিফেন্সের সতর্কতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানি কর্মকর্তা এ বক্তব্য দেন।
এর আগে আল-খারজ গভর্নরেটে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। এরপরই বিষয়টি নিয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসে।
শীর্ষনিউজ