অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকার কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় সূত্র জানায়, একটি পারিবারিক গাড়িতে গুলি চালানো হলে শিশুটি নিহত হয় এবং তার বাবা-মা আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে গুলিবিদ্ধ গাড়ির ভেতরে শিশুর দুধের বোতল দেখা গেছে। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাতে আলজাজিরা জানায়, রাতের বেলায় চালানো এ হামলায় তাঁবুটি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।