বাংলাদেশিসহ সব ‘অবৈধ অভিবাসী’ মোকাবিলায় এবং ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আবারও জানিয়েছে ভারত।
শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘তাদের মোকাবিলার জন্য আইন রয়েছে এবং সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা।’
তিনি স্পষ্ট করেন, একাধিক ঘটনা যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। জাতীয়তা নিশ্চিত হওয়ার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে ভারত সরকার।
জয়সওয়াল দাবি করেন, ‘ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকরা যদি অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকেও যদি হন, তাহলে তাদের মোকাবিলার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। আমরা এসব ঘটনা বাংলাদেশের কাছে পাঠাই, যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাই করতে পারে। যাচাই সম্পন্ন হলে আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিই।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যোগ করেন, ‘আমাদের অনেক অনুরোধ এখনো বাংলাদেশের কাছে অপেক্ষমান আছে। আমরা আশা করি এবং প্রত্যাশা করি, সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।’
গত মাস পর্যন্ত প্রায় ৩ হাজার সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীর জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া ঢাকার কাছে অপেক্ষমান ছিল।
মে মাসে এক সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছিলেন, জাতীয়তা যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে, যার কিছু অনুমোদনের অপেক্ষায় আছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে।
সূত্র: উইওন