Image description

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিজেপির অন্যতম পরিচিত মুখ ও সাবেক রাজ্য সভাপতি কে. অন্নামালাই আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

 

দলীয় এক বিবৃতিতে জানানো হয়, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি কে. অন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ গ্রহণ করেছেন।

 

৪১ বছর বয়সী এই নেতা গত কয়েকদিন ধরে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন। তিনি দলীয় সভাপতি নীতিন নবীনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষের সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত তার পদত্যাগ গ্রহণ করা হয়।

 

অন্নামালাইয়ের দলত্যাগের পর তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নৈনার নাগেন্দ্রন বলেন, অন্নামালাইয়ের চলে যাওয়ায় বিজেপির কোনো ক্ষতি হবে না। বিজেপি বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল।

 

তবে অন্ধ্র প্রদেশ বিজেপির সভাপতি পিভিএন মাধব ভিন্ন সুরে বলেন, অন্নামালাই আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এটি একটি ছোট ধাক্কা। আমরা আশা করি ভবিষ্যতে তিনি আবার দলে ফিরে আসবেন।

 

নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের ইঙ্গিত

 

গত ২ জুন লেখা পদত্যাগপত্রে অন্নামালাই জানান, গত ১৮ মাস ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। বিশেষ করে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ ও দলীয় কৌশল নিয়ে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানের মিল ছিল না।

 

তিনি লেখেন, তামিলনাড়ুর মানুষের ভাষায় জাতীয় দলগুলো কখনো কথা বলেনি এই ধারণা বদলানোর চেষ্টা করেছি এবং নানা বাধা সত্ত্বেও কিছুটা সফলতাও পেয়েছি। কিন্তু তামিলনাড়ুকে নিয়ে আমার ভাবনার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের মতের অমিল রয়েছে।

 

অন্নামালাই আরো বলেন, অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি দল থেকে সরে দাঁড়ানোর। এখন সময় এসেছে রাজনীতিতে আসার প্রকৃত উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবার।

 

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা

 

দল ছাড়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় অন্নামালাই জানান, তিনি একটি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করতে যাচ্ছেন এবং আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার নতুন দল অংশ নেবে।

 

তিনি বলেন, আজ আমরা একটি নতুন আন্দোলন শুরু করছি। আমাদের রাজনৈতিক দল আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

বিজেপিতে উত্থান

 

সাবেক আইপিএস কর্মকর্তা অন্নামালাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ২০২০ সালে তিনি সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই তাকে রাজ্য সহ-সভাপতি করা হয় এবং এক বছরের মাথায় মাত্র ৩৭ বছর বয়সে তামিলনাড়ু বিজেপির সভাপতি পদে উন্নীত করা হয়।

 

তার নেতৃত্বে রাজ্যে বিজেপির ভোটের হার ও সাংগঠনিক দৃশ্যমানতা বৃদ্ধি পেলেও নির্বাচনি সাফল্য পাননি তিনি। ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

 

জোট রাজনীতিই কি বিচ্ছেদের কারণ?

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সঙ্গে এআইএডিএমকের পুনরায় জোট গঠন অন্নামালাইয়ের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব বাড়িয়ে দেয়।

 

সূত্রের দাবি, অন্নামালাই বিজেপিকে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার পক্ষে ছিলেন, যাতে দল রাজ্যে নিজেদের রাজনৈতিক ভিত্তি আরও বিস্তৃত করতে পারে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব জোটের পথ বেছে নেয়। অনেকের মতে, এআইএডিএমকে নেতৃত্বের শর্তেই তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছিল।

 

দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে বিজেপির মুখ হিসেবে পরিচিত অন্নামালাইয়ের বিদায় রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

সূত্র: এনডিটিভি