Image description

ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানালেন, তার দেশ ট্রাম্পের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে। একই সঙ্গে তিনি ট্রাম্পকে ‘শান্তির দূত’ বলেও অভিহিত করেছেন।

আজ শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ এ মন্তব্য করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সময়োপযোগী এবং দৃঢ় হস্তক্ষেপের ফলেই গত বছরের ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরিয়ে আনা এবং লাখো মানুষের জীবন রক্ষায় তার অবদানের জন্য আমরা তার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

‘এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় একজন শান্তির দূত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।’—বলে যোগ দেন তিনি।

শাহবাজ শরিফ ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ককে ‘সত্যিকারের বিশেষ সম্পর্ক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, ‘দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া ভবিষ্যতেও আরও জোরদার হবে।’

ডোনাল্ড ট্রাম্প অতীতেও একাধিকবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিরসনে তার ভূমিকা ছিল এবং তার উদ্যোগেই যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ভারত এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে।

নয়াদিল্লির বক্তব্য হলো, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সমঝোতা হয়েছিল।

২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করে ভারত। এর জেরে ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে ভারত।

পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী স্থাপনায় হামলা চালানোর দাবি করে নয়াদিল্লি। এরপর দুই দেশের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা ও সামরিক সংঘাত চলে। পরে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প প্রশাসন নিজেদের ভূমিকার কথা উল্লেখ করলেও ভারত সরকার তা অস্বীকার করে আসছে।

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, তিনি এরই মধ্যে বিশ্বের ৮টি যুদ্ধ বন্ধ করতে ভূমিকা রেখেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমি ৮টি যুদ্ধের অবসান ঘটিয়েছি। আশা করছি, শিগগিরই নবম যুদ্ধও বন্ধ হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও সমাধান হবে বলে আমি আশাবাদী।’

শাহবাজ শরিফের সাম্প্রতিক সময়ের এই বক্তব্যের মাধ্যমে আবারও স্পষ্ট হলো, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদ ও ওয়াশিংটনের অবস্থান এক হলেও নয়াদিল্লি এখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি স্বীকার করছে না।

সূত্র : হিন্দুস্তান টাইমস