দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে এক বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আরও কিছু এলাকা থেকে তাপপ্রবাহ কমে যেতে পারে। এরপরের দুই দিন সারা দেশেই তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।