Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা নিয়ে বিপরীতমুখী বক্তব্য দিয়েছে উভয় দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার জানিয়েছেন, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘কোনো উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ‘খুব ভালোভাবে’ চলছে।

আরবের সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না। তবে উভয়পক্ষের মধ্যে বার্তা দেওয়া-নেওয়া চলমান রয়েছে।’ খবর আল-জাজিরার।

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা থামানোর ওপর জোর দিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে ইরান বার্তা পাঠিয়েছে জানিয়ে আরাগচি বলেন, ‘আমাদের যোগাযোগের মাধ্যমগুলো বিচ্ছিন্ন হয়ে যায়নি। উভয়পক্ষই এখনও বিদ্যমান কাঠামোগুলো পর্যালোচনা করছে।’

তবে একই দিন আলোচনা নিয়ে ট্রাম্প অনেক ইতিবাচক চিত্র তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি সম্ভাব্য অগ্রগতি দেখা যেতে পারে।

লেবাননে হামলা না থামা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না

লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের অব্যাহত হামলায় ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির জন্য লেবাননে হামলা বন্ধ থামানো কতটা গুরুত্বপূর্ণ তা আবারও জানিয়েছেন আরাগচি।

আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ তখনই শেষ হবে ‘যখন এটি লেবাননেও শেষ হবে’। যুদ্ধবিরতি এবং যুদ্ধ অবসানের বিষয়ে ইরানের অবস্থান একই।

আরাগচি আরও বলেন, যুদ্ধ অবসানের অর্থ হবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা, যেখানে মার্চের শুরু থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ইরান শুরু থেকে বলে আসছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির মধ্যে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে গত সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলা চালানোর ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান।

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সিদ্ধান্ত পাল্টাতে বলেন ট্রাম্প। এরপর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ইঙ্গিত দেন, আলোচনা ফের শুরু হয়েছে। তবে সতর্ক করেন, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে।

এদিকে, বুধবার ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছে। তবে হিজবুল্লাহর হামলা বন্ধ এবং দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধাদের সরিয়ে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরাগচি বলেন, লেবাননের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য হিজবুল্লাহসহ সব পক্ষকে জাতীয় সংলাপে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, ‘বিশ্বকে অবশ্যই এটি স্বীকার করতে হবে, হিজবুল্লাহ লেবাননের বাস্তবতার অংশ’। হিজবুল্লাহকে নির্মূল করার এবং এর নেতাদের হত্যা করার ইসরায়েলি প্রচেষ্টা দলটিকে কেবল আরও শক্তিশালীই করেছে।

যুদ্ধ শেষ হলে ইরান লেবানন পুনর্গঠনে সহায়তা করবে বলেও ইঙ্গিত দেন আরাগচি।