ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত মস্কো, যদি তা ইস্তাম্বুল ও অ্যাঙ্কোরেজে হওয়া পূর্ববর্তী সমঝোতা এবং বর্তমান বাস্তব পরিস্থিতির ভিত্তিতে হয়।
মঙ্গলবার (২৩ জুন) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনের উদ্যোগেই আলোচনার প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেন, “ইস্তাম্বুলে অর্জিত সমঝোতার ভিত্তিতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত।”
পুতিন আরও দাবি করেন, সম্ভাব্য আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সামনে রেখে ইউক্রেন নিজেদের অবস্থান শক্তিশালী করতে রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে।
বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই অনুষ্ঠিত এসব বৈঠকের পর বন্দি বিনিময় এবং খসড়া শান্তিচুক্তি নিয়ে অগ্রগতি হয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বৈঠকে ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা তৈরি হয়, যা পরে সংশোধন করে ২০ দফায় নামিয়ে আনা হয়। তবে ইউক্রেন তাদের ভূখণ্ডের কোনো অংশ ছাড় দিতে অস্বীকৃতি জানায়।
এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি বছরের শুরুতে মস্কো ও কিয়েভের মধ্যে আরও তিন দফা আলোচনা হলেও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের কারণে তা থেমে যায়।
শীর্ষনিউজ