কুয়েতের একটি বিমান ঘাঁটিতে শনিবার (৩০ মে) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন মার্কিন নাগরিক আহত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ছোড়া ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র আঘাত হানার চেষ্টা করে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে সক্ষম হয়। এরপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ঘাঁটির ভেতরে পড়ে।
হামলায় ঠিকাদার ও কর্মরত সেনাসদস্যসহ অন্তত পাঁচজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। একই ঘটনায় একটি ড্রোন সম্পূর্ণ ধ্বংস এবং আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে একটি প্রাথমিক চুক্তির বিষয়ে সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়া হয়েছিল।
ইরানের ফাতেহ-১১০ একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ।
শীর্ষনিউজ