Image description

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এখন কোনো ধরনের দ্রুত সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৪ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।

তবে ট্রাম্প এও বলেন, “চুক্তি চূড়ান্ত, স্বাক্ষরিত ও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।”

তার এই মন্তব্যকে আগের তুলনায় তুলনামূলকভাবে সংযত অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে এক দিনের ব্যবধানে রোববার তিনি আলোচনায় ধীরগতির নীতি গ্রহণের কথা জানান।

পোস্টে তিনি ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পারমাণবিক চুক্তিকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তার মতে, ওই চুক্তি ইরানের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করেছিল এবং এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর একটি সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের আলোচনায় থাকা নতুন চুক্তি আগের চুক্তির সম্পূর্ণ বিপরীত, যা বেশি কার্যকর ও বাস্তবসম্মত হবে বলে তিনি মনে করেন।

ট্রাম্প জানান, আলোচনা এখনো শৃঙ্খলাবদ্ধভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের তাড়াহুড়ো না করতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, “সময় এখন আমাদের অনুকূলে, তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখন আগের চেয়ে বেশি পেশাদার ও ফলপ্রসূ হচ্ছে।”

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা থেকে বিরত থাকতে হবে।

পোস্টের শেষাংশে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আঞ্চলিক দেশগুলোকে আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইরানও এই উদ্যোগে অংশ নিতে পারে।

শীর্ষনিউজ