বিশ্বজুড়ে ২০২৩ সালে প্রায় ১২০ কোটি মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। ১৯৯০ সালের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৯৫ দশমিক ৫ শতাংশ। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সিএনএন জানায়, বৃহস্পতিবার চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, উদ্বেগ ও বিষণ্নতার হার সবচেয়ে বেশি বেড়েছে এবং ২০২৩ সালে এগুলোই ছিল সবচেয়ে সাধারণ মানসিক সমস্যা। তৃতীয় অবস্থানে রয়েছে বিভিন্ন ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা।
গবেষণায় ২০৪টি দেশ ও অঞ্চলে বয়স, লিঙ্গ, অবস্থান ও সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ১২ ধরনের মানসিক সমস্যার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। গবেষকদের ভাষ্য, বিশ্বজুড়ে মানসিক সমস্যার বোঝা আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে।
গবেষণার প্রধান লেখক ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড্যামিয়ান সান্তোমাউরো বলেন, ফলাফলের ব্যাপকতা দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার মতে, এ পরিস্থিতির পেছনে বহু কারণ কাজ করছে এবং ঝুঁকির কারণগুলো মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব প্রয়োজন।
গবেষণায় অন্তর্ভুক্ত অন্যান্য মানসিক সমস্যার মধ্যে রয়েছে বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি, অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া, ডিস্টাইমিয়া, কন্ডাক্ট ডিসঅর্ডার ও অজ্ঞাত কারণে বুদ্ধিপ্রতিবন্ধিতা।
তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের তুলনায় উদ্বেগজনিত সমস্যায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৮ শতাংশ এবং বিষণ্নতা বেড়েছে ১৩১ শতাংশ। সবচেয়ে কম দেখা গেছে অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া ও সিজোফ্রেনিয়া। তবে ২০২৩ সালে এসব সমস্যায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে প্রায় ৪০ লাখ, ১ কোটি ৪০ লাখ এবং ২ কোটি ৬০ লাখ।
গবেষণায় আরও বলা হয়েছে, অধিকাংশ মানসিক সমস্যা নারীদের মধ্যে বেশি দেখা গেলেও অটিজম, কন্ডাক্ট ডিসঅর্ডার, এডিএইচডি, ব্যক্তিত্বজনিত সমস্যা এবং অজ্ঞাত বুদ্ধিপ্রতিবন্ধিতা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।
কোভিড-১৯ মহামারির প্রভাবও এতে স্পষ্ট হয়েছে। মহামারির আগেই উদ্বেগ ও বিষণ্নতা বাড়ছিল। তবে মহামারির সময় বিষণ্নতা আরও বেড়ে যায় এবং এখন পর্যন্ত তা আগের অবস্থায় ফেরেনি। উদ্বেগও ২০২৩ সাল পর্যন্ত উচ্চ পর্যায়ে ছিল।
গবেষণাটি ২০২৩ সালের গ্লোবাল বার্ডেন অব ডিজিজেস, ইনজুরিজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস স্টাডির তথ্য বিশ্লেষণের ওপর ভিত্তি করে করা হয়েছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন পরিচালিত এই গবেষণা বিশ্বে স্বাস্থ্য পরিস্থিতি পরিমাপের অন্যতম বৃহৎ উদ্যোগ।
তরুণদের মধ্যে ঝুঁকি বাড়ছে
গবেষণায় দেখা গেছে, মানসিক সমস্যা এখন ক্রমেই অক্ষমতার প্রধান কারণ হয়ে উঠছে। বিশেষ করে নারী ও ১৫ থেকে ৩৯ বছর বয়সীরা বেশি আক্রান্ত। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে মানসিক সমস্যার সর্বোচ্চ হার এবারই প্রথম দেখা গেছে। আগে সাধারণত মধ্যবয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, কৈশোর ও তরুণ বয়স মস্তিষ্কের বিকাশ এবং সামাজিক দক্ষতা গড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মানসিক সমস্যার প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।
তাদের মতে, মানসিক সমস্যা নিয়ে সামাজিক কলঙ্ক কিছুটা কমেছে, ফলে মানুষ এখন আগের তুলনায় চিকিৎসা নিতে বেশি আগ্রহী। একইসঙ্গে সমস্যা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাও উন্নত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের দীর্ঘায়ুও আক্রান্তের সংখ্যা বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।
তবে অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, পারিবারিক সহিংসতা, সামাজিক বিচ্ছিন্নতা, বৈষম্য ও পরিবেশগত ঝুঁকিসহ নানা কারণ মানসিক স্বাস্থ্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
গবেষকরা সতর্ক করে বলেছেন, মানসিক সমস্যার বোঝা বাড়লেও সেই অনুপাতে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারিত হয়নি। তাদের মতে, বৈশ্বিক জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে।