জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ইসরায়েলে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চ্যানেল ১৩ সোমবার জানায়, ইসরায়েল থেকে জার্মানিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আসা কয়েক ডজন কার্গো বিমান সেখানে পুনরায় গোলাবারুদ বোঝাই করে অল্প সময়ের মধ্যেই আবার ইসরায়েলে ফিরে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ওপর হামলা পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সামরিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
ইসরায়েলি প্রশাসনের ভেতরে এমন ধারণা জোরালো হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে নতুন হামলার অনুমোদন দিতে পারেন
এর আগে গত ৩০ এপ্রিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে ৬ হাজার ৫০০ টন গোলাবারুদ ও হালকা সাঁজোয়া যানবাহী দুটি জাহাজ এবং কয়েকটি বিমান ইসরায়েলে পৌঁছেছে।
এ সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, ইরানের ওপর সম্ভাব্য হামলাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিবিড় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি