গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘নতুন লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছেন।
সোমবার মাদ্রিদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলবারেস জানান, ইসরায়েলি বাহিনীর অভিযানে নৌবহরে থাকা বেশ কয়েকজন স্প্যানিশ নাগরিক আটক হয়েছেন। তাদের সংখ্যা প্রায় ৪৫ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, স্পেন সরকার বিষয়টি মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করছে। অন্যান্য সংশ্লিষ্ট দেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে অগ্রহণযোগ্য এবং অবৈধ আটক বলে উল্লেখ করেন। তার মতে, শান্তিপূর্ণ মানবিক মিশনের ওপর এমন অভিযান আন্তর্জাতিক আইন পরিপন্থি।
এর আগে সোমবার আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনাবাহিনী গাজাগামী ত্রাণবাহী নৌবহরে অভিযান চালিয়ে প্রায় ১০০ কর্মীকে আটক করে।
তুরস্কের মারমারিস বন্দর থেকে বৃহস্পতিবার যাত্রা শুরু করা এই বহরে ৫০টির বেশি নৌযান ছিল। গাজায় ২০০৭ সাল থেকে আরোপিত অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
আয়োজকদের তথ্যমতে, এ মিশনে ৪২৬ জন অংশ নেন। তাদের মধ্যে ৯৬ জন ছিলেন তুরস্কের নাগরিক। এছাড়া স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, মিসর, মরক্কো, দক্ষিণ আফ্রিকাসহ ৪০টির কাছাকাছি দেশের নাগরিক এতে অংশ নেন।
এর আগেও গত ২৯ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে একই ধরনের একটি ত্রাণবাহী বহরে অভিযান চালিয়ে কর্মীদের ফেরত পাঠায় ইসরায়েলি বাহিনী।
সূত্র: আনাদোলু এজেন্সি